সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রকাশ :
সংশোধিত :

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কফিল উদ্দিন স্বাক্ষরিত ওই রিমান্ড আবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার নিজ ফ্ল্যাট থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়।
আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই ২০২৪ তারিখে বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার ফলপট্টিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন ভিকটিম দেলোয়ার হোসেন। সে সময় গ্রেপ্তারকৃত আসামি শেখ মামুন খালেদের নির্দেশে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন আওয়ামী লীগের সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দেলোয়ার।
গুলিবিদ্ধ দেলোয়ারকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২০ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ২০২৪ তারিখ সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা (নম্বর-২৫) দায়ের করা হয়েছিল।
মামলার মূল রহস্য উদ্ঘাটন, এজাহারভুক্ত ও অজ্ঞাত আসামিদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের স্বার্থে এই ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.